
ঢাকার ধামরাইয়ে সড়ক নিরাপত্তা জোরদারে ইতিবাচক উদ্যোগ হিসেবে নিরাপদ সড়ক চাই (নিসচা) সংগঠনের উপজেলা শাখার উপদেষ্টা মণ্ডলীতে যুক্ত হয়েছেন ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা খান। তার এই অন্তর্ভুক্তিকে ঘিরে স্থানীয় পর্যায়ে ইতিবাচক সাড়া সৃষ্টি হয়েছে।
নিসচার নেতৃবৃন্দ জানান, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে প্রশাসনের সক্রিয় সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন অভিজ্ঞ পুলিশ কর্মকর্তার সম্পৃক্ততায় সংগঠনের কার্যক্রমে গতি আসবে এবং জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগগুলো আরও কার্যকরভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ওসি নাজমুল হুদা খানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ধামরাইয়ের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে নতুন পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। এসব পরিকল্পনার মাধ্যমে ট্রাফিক আইন সম্পর্কে জনগণের সচেতনতা বাড়ানো এবং দুর্ঘটনা কমানোই মূল লক্ষ্য।
এদিকে, নিসচার উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত হওয়ায় ওসি নাজমুল হুদা খানকে অভিনন্দন জানিয়েছেন সংগঠনের নেতা-কর্মী ও স্থানীয় সুধীজন। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে পুলিশ ও নিসচার যৌথ উদ্যোগে বিভিন্ন স্থানে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে ইতিবাচক পরিবর্তন আসবে।