
নওগাঁ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পরিচালিত মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৭ লিটার ৭৫০ মিলিলিটার চোলাই মদসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (২৬ জুন ২০২৬) জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় নওগাঁ সদর থানার ননিয়া পট্টি ভাঙারি এলাকায় এ অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা শাখার একটি দল।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ব্যাটারিচালিত একটি অটোরিকশাযোগে চোলাই মদ বহন করা হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে ভাঙারি এলাকায় চেকপোস্ট স্থাপন করে তল্লাশি শুরু করে ডিবি পুলিশ।
দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে সন্দেহভাজন অটোরিকশাটি চেকপোস্টে পৌঁছালে তল্লাশি চালিয়ে একটি প্লাস্টিকের বস্তা থেকে ২৫০ মিলিলিটার ধারণক্ষমতার ৭১টি ছোট বোতলে রাখা মোট ১৭ লিটার ৭৫০ মিলিলিটার চোলাই মদ উদ্ধার ও জব্দ করা হয়।
এ সময় অটোরিকশার চালক লছির উদ্দিন (৫৭), পিতা-অহির উদ্দিন, গ্রাম-একডালা পূর্বপাড়া, থানা ও জেলা-নওগাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূল ও মাদক পাচার প্রতিরোধে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।