June 25, 2026, 4:48 pm
শিরোনাম :
গুপ্তধনের লোভে সর্বস্বান্ত পরিবার, ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মান্দায় অটোরিকশা মালিক সমিতির নেতাকে মারধরের অভিযোগ, প্রতিবাদে মহাসড়ক অবরোধ কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশের হাতে সোপর্দ ব্রাহ্মণবাড়িয়ায় শিশুমৃত্যুর অভিযোগ: ভুল ইনজেকশন নিয়ে তোলপাড়, তদন্তের দাবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে হত্যা, আরেক কন্যা আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব চীনের সঙ্গে আরো গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১ লাখ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ এমনভাবে দৌড়াও, যেন আজই তোমার জীবনের শেষ দিন’—নেইমারকে বাবার বার্তা

গুপ্তধনের লোভে সর্বস্বান্ত পরিবার, ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

রাব্বি স্টাফ রিপোর্টার ময়মনসিংহ

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় গুপ্তধনের প্রলোভন ও মৃত্যুভয় দেখিয়ে এক বিধবা নারী ও তার পরিবারের কাছ থেকে প্রায় ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে এক কথিত তান্ত্রিক কবিরাজের বিরুদ্ধে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বওলা ইউনিয়নের সুতিয়াপাড়া গ্রামের বাসিন্দা মোছা. জুলেখা খাতুন দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন। এ সময় প্রতিবেশী জজ মিয়ার সঙ্গে যোগাযোগ করলে তিনি তাদের বাড়িতে গুপ্তধন থাকার দাবি করেন। একই সঙ্গে ওই গুপ্তধন উদ্ধার না করলে পরিবারের সদস্যদের মৃত্যুঝুঁকি রয়েছে বলেও ভয় দেখান বলে অভিযোগ রয়েছে।
পরিবারের সদস্যরা জানান, কথিত গুপ্তধন উদ্ধারের নামে বিভিন্ন সময়ে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আদায় করা হয়। টাকা জোগাড় করতে তারা গরু ও বাছুর বিক্রি করেন, সিএনজি অটোরিকশা বিক্রি করেন এবং জমি বন্ধক ও বিক্রি করতেও বাধ্য হন। সব মিলিয়ে প্রায় ২৫ লাখ টাকা অভিযুক্তের হাতে তুলে দেওয়া হয়েছে বলে দাবি করেন তারা।
ভুক্তভোগী পরিবার আরও জানায়, গুপ্তধনের নিদর্শন হিসেবে কাপড়ে মোড়ানো পিতলের বিভিন্ন সামগ্রী তাদের ঘরে রেখে দেওয়া হয়েছিল। পরে সেগুলো খুলে দেখলে ভেতরে কোনো মূল্যবান বস্তু পাওয়া যায়নি। তখন তারা প্রতারণার বিষয়টি বুঝতে পারেন এবং থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত জজ মিয়া দীর্ঘদিন ধরে কুসংস্কার ও গুপ্তধনের প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে আসছেন। এর আগেও কয়েকটি পরিবার একই ধরনের প্রতারণার শিকার হয়েছে বলে দাবি করেন তারা।
বওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মাহবুব আলম (ডালিম) বলেন, “গুপ্তধনের লোভ ও মৃত্যুভয় দেখিয়ে একটি পরিবারকে নিঃস্ব করে দেওয়া হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা উচিত।”
এ বিষয়ে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ হোসেন জানান, অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া গেছে এবং অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
স্থানীয় সচেতন মহল কুসংস্কার ও প্রতারণার বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।



ফেসবুক কর্নার