
বর্তমানে শুধু ঢাকাতেই ৮০ হাজার মামলা পেন্ডিং আছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, প্রচলিত আদালতের পাশাপাশি মাদক সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। বিদ্যমান মাদক নিয়ন্ত্রণ আইন দিয়ে মাদকের বিরুদ্ধে লড়াই করা যাচ্ছে না। আগামী কয়েক দিনের মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশোধনী সংসদে উঠবে।
বৃহস্পতিবার (২৫ জুন) আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষ্যে সচিবালয়ে বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে অনুদানের চেক প্রদান অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে ৭৩টি বেসরকারি মাদক নিরাময় কেন্দ্রকে ১ কোটি ১০ লাখ টাকা অনুদান দেওয়া হয় এবং ঢাকার ১৫টি প্রতিষ্ঠানের হাতে চেক তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সালাহউদ্দিন আহমদ আরও বলেছেন, দেশে ৮২ লাখ মানুষ কোনো না কোনোভাবে মাদক গ্রহণ করে। মাদকাসক্তের সংখ্যার তুলনায় সরকারি চিকিৎসা সুবিধা যথেষ্ট নয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সক্ষমতা বাড়াতে হবে এবং আইনি ভিত্তি শক্ত হলে পরিবর্তন আসবে।