কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের কাবিল মোড় এলাকায় একটি রিভলভার ও ৬ রাউন্ড গুলিসহ ফরিদ হোসেন (৩৫) নামে এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা। পরে গণপিটুনির পর তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
বৃহস্পতিবার (২৫ জুন) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। আটক ফরিদ হোসেন একই ইউনিয়নের নদীরকুল মাঠপাড়া গ্রামের মৃত বুড়ো মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কাবিল মোড় এলাকায় ফরিদের চলাফেরা সন্দেহজনক মনে হলে এলাকাবাসী তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। একপর্যায়ে তার কাছে একটি রিভলভার ও ৬ রাউন্ড গুলি পাওয়া গেছে বলে দাবি করেন স্থানীয়রা। খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা তাকে মারধর করে।
পরে খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয় এবং চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, স্থানীয়দের কাছ থেকে অস্ত্র ও গুলিসহ এক ব্যক্তিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রটির বৈধতা, উৎস এবং আটক ব্যক্তির সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে।
তিনি আরও জানান, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পুলিশ জানিয়েছে, অস্ত্র উদ্ধারের ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাইয়ের কাজ চলমান রয়েছে।