
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এক মানসিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি সুমন মিয়া (২৪)কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ জুন) রাতে বিশেষ কৌশল অবলম্বন করে মেঘনা নদীর পাড় এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, গত ১৪ ফেব্রুয়ারি রাতে নবীনগর উপজেলার চিত্রি গ্রামের বাসিন্দা সুমন মিয়ার বিরুদ্ধে একই এলাকার এক মানসিক প্রতিবন্ধী নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে। পরবর্তীতে ভুক্তভোগীর পরিবারের আবেদনের প্রেক্ষিতে আদালতের নির্দেশে নবীনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রুজু করা হয়।
মামলা দায়েরের পর থেকেই আসামি আত্মগোপনে চলে যায়। তাকে গ্রেফতারের লক্ষ্যে নবীনগর থানা পুলিশ গোয়েন্দা নজরদারি জোরদার করে। একপর্যায়ে গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, আসামি মেঘনা নদীর তীরবর্তী এলাকায় অবস্থান করছে।
পুলিশ জানায়, আসামি যাতে পালিয়ে যেতে না পারে, সে জন্য অভিযানে অংশ নেওয়া সদস্যরা জেলের ছদ্মবেশ ধারণ করেন। পরে মঙ্গলবার রাত আনুমানিক ১০টার দিকে অভিযান চালিয়ে চিত্রি গ্রামের বাসিন্দা সুমন মিয়াকে গ্রেফতার করা হয়।
নবীনগর থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে।
আসামি গ্রেফতারের ঘটনায় ভুক্তভোগীর পরিবার স্বস্তি প্রকাশ করেছে। স্থানীয়রাও দ্রুত পদক্ষেপ নেওয়ায় পুলিশের ভূমিকাকে ইতিবাচক হিসেবে দেখছেন।