
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে নোয়াখালী জেলায় ৫ লাখ ৭৬ হাজার ৬৪০ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্বাস্থ্য বিভাগ। উপকূলীয় দুর্গম চরাঞ্চলসহ জেলার সব এলাকায় শিশুদের এ সেবার আওতায় আনতে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) দুপুরে নোয়াখালী সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত এক অবহিতকরণ সভায় এ তথ্য জানানো হয়।
নোয়াখালী সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. সারোয়ার উদ্দিন, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক এ কে এম আমিনুল ইসলাম, স্বাস্থ্য কর্মকর্তা ডা. জান্নাতুল নাঈম কেয়া এবং সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. সাইফুদ্দিন মোহাম্মদ চৌধুরী।
সভায় জানানো হয়, আগামী ২৮ জুন সারা দেশের মতো নোয়াখালীতেও জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলার ৯টি উপজেলা, ৯১টি ইউনিয়ন ও ২টি পৌরসভায় একযোগে এ কার্যক্রম পরিচালিত হবে। এ জন্য জেলায় মোট ২ হাজার ২৭৭টি কেন্দ্র স্থাপন করা হয়েছে।
কর্মসূচির আওতায় ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের বয়সভেদে নির্ধারিত মাত্রায় ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। পাশাপাশি উপকূলীয় দুর্গম চরাঞ্চলের শিশুদের কাছেও এ সেবা পৌঁছে দিতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বক্তারা বলেন, শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, অপুষ্টিজনিত জটিলতা হ্রাস এবং সুস্থ শারীরিক বিকাশে ভিটামিন ‘এ’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই নির্ধারিত দিনে অভিভাবকদের নিজ নিজ এলাকার কেন্দ্রে শিশুদের নিয়ে এসে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানান তারা।
এ সময় নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুল মোতালেব আপেল, সিনিয়র সহসভাপতি আকবর হোসেন সোহাগ, সাংবাদিক নাসির উদ্দিন বাদল, জুনায়েদ কামাল, মেজবাউল হক মিঠু, আবু নাসের মঞ্জু, মাসুদ পারভেজসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।