
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) এলাকায় একটি রাবার টায়ার্ড গ্যান্ট্রি (আরটিজি) ক্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১৮ জানুয়ারি) বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। এতে আরটিজি ক্রেনটি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং আগুনের তাপে চারটি কনটেইনারেরও আংশিক ক্ষতি হয়েছে।
বন্দর সূত্রে জানা যায়, আরটিজি ক্রেনটির ইঞ্জিন অংশ থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে চট্টগ্রাম বন্দর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে উদ্ধার ও অগ্নিনির্বাপণ কার্যক্রমে সহায়তা করতে নৌবাহিনীর একটি দলও যোগ দেয়।
প্রায় এক ঘণ্টার চেষ্টায় বেলা সাড়ে তিনটার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
অগ্নিকাণ্ডের কারণে এনসিটির একটি অংশে কনটেইনার ওঠানো-নামানোর কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হলেও টার্মিনালের অন্যান্য কার্যক্রম স্বাভাবিক ছিল। ফলে বন্দরের সার্বিক পণ্য হ্যান্ডেলিংয়ে বড় ধরনের কোনো বিঘ্ন ঘটেনি বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
বন্দর ফায়ার স্টেশনের কর্মকর্তা মো. মোনেম বিল্লাহ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ক্রেনের ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটির কারণে আগুনের সূত্রপাত হয়েছে। ঘটনার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত আরটিজি ক্রেনটি পরীক্ষা-নিরীক্ষার জন্য সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে এবং বন্দরের স্বাভাবিক কার্যক্রম সচল রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।