
ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার নাগরিক সমস্যা সমাধান ও উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করতে পৌর প্রশাসকের সঙ্গে ১২টি ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ মে) সকাল ১০টায় পৌরসভা কার্যালয়ে প্রশাসকের দপ্তরে এ সভা অনুষ্ঠিত হয়। পৌর প্রশাসক শরিফুল ইসলামের সভাপতিত্বে সভায় শহরের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় বর্জ্য ব্যবস্থাপনা, যানজট নিরসন, ড্রাইভারদের লাইসেন্স প্রদান, পরিকল্পিত নগরায়ন এবং ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নকে গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়। নেতৃবৃন্দ তাদের নিজ নিজ এলাকার সমস্যা তুলে ধরেন এবং দ্রুত সমাধানের দাবি জানান।
৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান পুষ্প ছয়বাড়িয়া এলাকার ময়লার ভাগাড় নিয়ে জনভোগান্তির কথা তুলে ধরে দ্রুত বাউন্ডারি ওয়াল নির্মাণের দাবি জানান। অন্যদিকে ১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উজ্জ্বল আহমেদ ও ১১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আলমাস উদ্দিন হেলাল শহরের তীব্র যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
পৌর প্রশাসক শরিফুল ইসলাম বলেন, “পৌর কর্তৃপক্ষ ও রাজনৈতিক নেতৃবৃন্দ সমন্বিতভাবে কাজ করলে একটি আধুনিক ও পরিচ্ছন্ন শহর গড়ে তোলা সম্ভব। আমরা সমন্বয়ের মাধ্যমে পর্যায়ক্রমে সব সমস্যা সমাধানের চেষ্টা করব।”
তিনি পৌর কর্মকর্তাদের মাঠপর্যায়ে কাজের সময় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার নির্দেশ দেন।
সভায় ১২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভা শেষে অংশগ্রহণকারীরা ব্রাহ্মণবাড়িয়াকে একটি আধুনিক, যানজটমুক্ত ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।