নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় বেপরোয়া গতির সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় তন্ময় চন্দ্র (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার সহপাঠী দীপ দেবনাথ (১৬) গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বুধবার সকালে চৌমুহনী–মাইজদী আঞ্চলিক মহাসড়কের চৌমুহনী চৌরাস্তার কাছে বেগমগঞ্জ কৃষি ইনস্টিটিউটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তন্ময় নোয়াখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কুরিপাড়া এলাকার কার্তিক চন্দ্রের ছেলে। সে স্থানীয় ডেল্টা জুটমিল উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাসা থেকে বের হয়ে তন্ময় তার বন্ধু দীপের সঙ্গে বাইরে যায়। বেলা ১১টার দিকে চৌমুহনী চৌরাস্তা এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি সিএনজিচালিত অটোরিকশা তাদের ধাক্কা দেয়। এতে তারা দুজনই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়।
স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে তন্ময়ের অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। তবে ঢাকায় নেওয়ার পথে দুপুর আড়াইটার দিকে তার মৃত্যু হয়।
তন্ময়ের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ শিক্ষার্থী ও স্থানীয়রা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। প্রায় দেড় ঘণ্টা চলা এই অবরোধে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও জানান, আহত দীপ দেবনাথ বর্তমানে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। দুর্ঘটনার পর সিএনজিচালিত অটোরিকশার চালক গাড়ি নিয়ে পালিয়ে গেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে