
নওগাঁর নিয়ামতপুর উপজেলায় সুমনা দাস (১৯) নামে এক কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার (৯ মে) সকালে উপজেলার বালাহৈর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সুমনা দাস ওই গ্রামের দুলাল দাসের মেয়ে এবং স্থানীয় একটি কলেজের শিক্ষার্থী ছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক বিষয় নিয়ে ভাই-বোনের মধ্যে কথা কাটাকাটির পর সুমনা নিজ কক্ষে চলে যান। কিছু সময় পর পরিবারের সদস্যরা তাকে অচেতন অবস্থায় দেখতে পান। পরে দ্রুত নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয়দের অনেকেই ঘটনাটির সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, অভিমান থেকেই এ ঘটনা ঘটতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে জনমনে।
খবর পেয়ে নিয়ামতপুর থানা পুলিশ হাসপাতালে পৌঁছে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নেয়া হয়।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।