
মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক অনুদান বিতরণ করেছেন। রোববার (১০ মে) দুপুরে সিংগাইর উপজেলা পরিষদ কার্যালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহায়তায় এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এর আগে সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত তিনি সিংগাইর সদর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা পরিদর্শন করেন। এ সময় বাসস্ট্যান্ডের যাত্রী ছাউনির সংস্কার এবং আশপাশের ময়লা-আবর্জনা দ্রুত অপসারণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। পাশাপাশি পরিবহন খাতে শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত এবং চাঁদাবাজি প্রতিরোধে সদর ইউনিয়নের চেয়ারম্যান জাহিদুর রহমান সৌরভের নেতৃত্বে একটি কমিটি গঠনের নির্দেশনা প্রদান করেন।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ১৯টি পরিবার ও একটি প্রতিষ্ঠানকে গৃহ নির্মাণের জন্য এক বান্ডেল করে ঢেউটিন এবং নগদ ৩ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়।
অনুষ্ঠানে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত বলেন, “সরকারের সহায়তা যেন প্রকৃত অসহায় মানুষের কাছে পৌঁছে যায়, সে লক্ষ্যে আমরা কাজ করছি। পাশাপাশি সিংগাইরের যোগাযোগ ব্যবস্থা, পরিবহন খাত ও জনসেবার মান উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।”
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক জামিলুর রশিদ খান, সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহার পপি, সহকারী কমিশনার (ভূমি) মো. হাবেল উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আহাদী হোসেন, ইউপি চেয়ারম্যান জাহিদুর রহমান সৌরভ, থানা পুলিশের সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।