
বাগেরহাটের মোরেলগঞ্জ পৌর শহরের কাঁঠালতলা এলাকায় পারিবারিক কলহের জেরে লিমন মোল্লা হৃদয় (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, কিছুদিন ধরে বিভিন্ন পারিবারিক বিষয় নিয়ে মানসিক চাপে ছিলেন হৃদয়। ঘটনার রাতে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে আবেগঘন বক্তব্য দেন। পরে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়।
পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ চলছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর বিষয়ে বিস্তারিত জানা যাবে।
হৃদয়ের অকাল মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
যদি কেউ মানসিক সংকট, হতাশা বা আত্মহানির চিন্তায় ভুগে থাকেন, তবে পরিবারের সদস্য, বিশ্বস্ত বন্ধু, চিকিৎসক বা মানসিক স্বাস্থ্যসেবা প্রদানকারীর সঙ্গে দ্রুত যোগাযোগ করা জরুরি।