
আসন্ন ইউনিয়ন ও পৌরসভা নির্বাচনকে সামনে রেখে রংপুরের বদরগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী তাঁতী দলকে আরও গতিশীল, শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ জুন) বিকেলে উপজেলার পরিতোষ চক্রবর্তীর খামারবাড়িতে বদরগঞ্জ উপজেলা তাঁতী দলের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য পরিতোষ চক্রবর্তী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বদরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. আজিজুল হক এবং যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজা বেগম মিষ্টি।
সভায় সভাপতিত্ব করেন বদরগঞ্জ উপজেলা তাঁতী দলের সভাপতি ও রংপুর জেলা তাঁতী দলের সাংগঠনিক সম্পাদক মোঃ মেহেদী হাসান নয়ন।
মতবিনিময় সভায় বক্তারা তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করা, সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ এবং আসন্ন ইউনিয়ন ও পৌরসভা নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের করণীয় বিষয়ে আলোচনা করেন। পাশাপাশি দলীয় ঐক্য সুদৃঢ় করে জনগণের কাছে বিএনপির আদর্শ, লক্ষ্য ও কর্মসূচি পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় উপজেলা তাঁতী দলসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভা শেষে সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিত ও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।