
কুষ্টিয়ার সীমান্তবর্তী দৌলতপুর উপজেলায় বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ সৈকত মোল্লা (২৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শুক্রবার (২৬ জুন ২০২৬) রাত ৮টা ৫১ মিনিটের দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগযোত মাছ বাজারের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক সৈকত মোল্লা উপজেলার পাকুড়িয়া মহিষকুন্ডি গ্রামের গোলাম মোস্তফার ছেলে।
পুলিশ জানায়, সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র ও মাদক চোরাচালান প্রতিরোধে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর থানার একটি দল ভাগযোত মাছ বাজার এলাকায় অবস্থান নেয়। পরে সন্দেহভাজন সৈকত মোল্লাকে তল্লাশি করে তার কোমর থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি এবং একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন দৌলতপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সৈকত। এ সময় তার সঙ্গে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাজেদ এবং কনস্টেবল হাবিব ও কনস্টেবল আজম অংশ নেন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্ত এলাকা হওয়ায় দৌলতপুরে পুলিশ সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ ওই যুবককে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রটি সীমান্ত দিয়ে পাচারের উদ্দেশ্যে আনা হয়েছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। আটক ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান।
স্থানীয় সচেতন মহল পুলিশের এ সফল অভিযানের প্রশংসা করে বলেন, সীমান্ত এলাকায় অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান আরও জোরদার করা প্রয়োজন।