July 1, 2026, 10:27 pm

পাটক্ষেত থেকে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার, আটক ১

সানাউল্লাহ সাকিব, সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার একটি পাটক্ষেত থেকে মো. সাকিব (১৮) নামে এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১ জুলাই) সকালে উপজেলার গোলাইডাঙ্গা এলাকার একটি পাটক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সাকিব মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নের নাথুরা গ্রামের রহম আলীর ছেলে। তিনি পেশায় ব্যাটারিচালিত অটোরিকশাচালক ছিলেন।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি সাকিব। বুধবার সকালে স্থানীয়রা গোলাইডাঙ্গা এলাকার একটি পাটক্ষেতে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ সময় ঘটনাস্থলের পাশ থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশাও উদ্ধার করা হয়।

পরে মরদেহের কাছে পাওয়া মোবাইল ফোনের সূত্র ধরে নিহতের পরিচয় শনাক্ত করা হয় এবং পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়।

ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য স্বপন নামে একজনকে আটক করেছে পুলিশ।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ঘটনায় আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।



ফেসবুক কর্নার