গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কে রাস্তা পারাপারের সময় যাত্রীবাহী বাসের ধাক্কায় আলাউদ্দিন খান (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ভাট্রাইধোবা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আলাউদ্দিন খান রাস্তা পার হওয়ার সময় পর্যটক পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত আলাউদ্দিন খান উপজেলার ভাট্রাইধোবা গ্রামের শহিদ আলী খানের ছেলে।
কাশিয়ানী থানার তদন্ত পরিদর্শক (ইন্সপেক্টর) তাজউদ্দীন আহমেদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক বাসটি আটক করার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।