
সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় জমিজমা ও মৎস্যঘের সংক্রান্ত বিরোধের জেরে ঘের ব্যবসায়ী সঞ্জীব সরকার হত্যা মামলায় তার কাকা নেপাল চন্দ্র সরকারকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১ জুলাই) রাতে কালীগঞ্জ থানার পুলিশ উপজেলার কুশুলিয়া ইউনিয়নের ঠেকরা রহিমপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, জমিজমা ও মৎস্যঘের নিয়ে দীর্ঘদিন ধরে দুই ভাই নেপাল চন্দ্র সরকার ও গোপাল চন্দ্র সরকারের মধ্যে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৩০ জুন) রাতে গোপাল চন্দ্র সরকার ও তার ছেলে সঞ্জীব সরকার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের খেজুরতলা এলাকায় তাদের মৎস্যঘেরে যান। পরে গোপাল চন্দ্র সরকার বাড়ি ফিরে এলেও গভীর রাতে ঘেরের পাশ থেকে সঞ্জীব সরকারের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় নিহতের বাবা গোপাল চন্দ্র সরকার বাদী হয়ে বুধবার রাতে কালীগঞ্জ থানায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫–৬ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় অভিযুক্তরা হলেন—আনন্দ কুমার সরকার (৫০), নেপাল চন্দ্র সরকার (৫৫), তাপস কুমার সরকার ওরফে ডালিম (২৭) এবং শাওন সরকার (২৫)।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, হত্যা মামলার এক আসামি নেপাল চন্দ্র সরকারকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তদন্ত শেষে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও জড়িতদের বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।