May 14, 2026, 9:02 pm
শিরোনাম :
সীমান্তজুড়ে বিজিবির কঠোর নজরদারি, বাড়ানো হয়েছে টহল কার্যক্রম কালীগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি মামলায় ৫ আসামি কারাগারে ময়মনসিংহে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এক বছরেও বাস্তবায়ন হয়নি জবির ‘মার্চ টু যমুনা’র তিন দাবি শেবাচিম হাসপাতালে অক্সিজেন খুলে নেওয়ার অভিযোগ, রোগীর মৃত্যুতে কর্মচারী বরখাস্ত ধামরাই সরকারি কলেজে ইউনিফর্ম পরে টিকটক নিষিদ্ধ, জারি সতর্কতা নোয়াখালীতে ভোক্তা অধিকারের অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা নেত্রকোনায় কন্যাকে নির্যাতনের অভিযোগে পিতা গ্রেপ্তার, অন্তঃসত্ত্বা কিশোরী উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এ মান্দার শিক্ষার্থীদের সাফল্যে সংবর্ধনা

‘প্রমাণ ছাড়া যে কোনো ঘটনায় তারেক রহমানকে জড়ানো ফ্যাসিবাদী সংস্কৃতির প্রতিফলন’

অভয়নগর প্রতিবেদক

কোনো ধরনের তথ্য বা প্রমাণ ছাড়াই যে কোনো ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম জড়িয়ে দেওয়া ফ্যাসিবাদী রাজনৈতিক সংস্কৃতিরই প্রতিফলন বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ড. মাহদী আমিন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) ঢাকা–৮ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নাসীরুদ্দীন পাটোয়ারীর ওপর হামলার ঘটনায় বিএনপি ও ছাত্রদলকে দোষারোপ করার প্রতিক্রিয়ায় নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এসব কথা বলেন।

ড. মাহদী আমিন বলেন, ফ্যাসিবাদী আমলে শেখ হাসিনা ও তার সহযোগীরা নিয়মিতভাবে এ ধরনের আচরণ করত। এর ফলেই তারা জনবিচ্ছিন্ন হয়ে শেষ পর্যন্ত জনরোষের শিকার হয়েছে—এ ইতিহাস সবারই জানা। নির্বাচন যেন অযৌক্তিক নাটকীয়তার মঞ্চে পরিণত না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ঢাকা–৮ আসনের এনসিপি প্রার্থী নাসীরুদ্দীন পাটোয়ারী নির্বাচনী প্রচারণার নির্ধারিত সময়ের অনেক আগেই ভোট চাইতে শুরু করেন। তার কথাবার্তা ও আচরণে ঔদ্ধত্য এবং আলোচনায় থাকার জন্য উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য স্পষ্টভাবে দৃশ্যমান ছিল।

তিনি আরও লেখেন, দেশি-বিদেশি বিভিন্ন মহলে বিএনপির বিরুদ্ধে বিষোদ্‌গার, ভোটারদের সঙ্গে আক্রমণাত্মক আচরণ এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে নিয়ে ধারাবাহিক মিথ্যাচার—সবকিছুই ভাইরাল হওয়ার কৌশল বলেই মনে হয়।

ড. মাহদী আমিন বলেন, বিএনপির প্রার্থী মির্জা আব্বাসকে নিয়ে বারবার অশালীন আচরণ করা হলেও তিনি ধৈর্যের পরিচয় দিয়েছেন এবং ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন।

ঘটনার প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, হাবিবুল্লাহ বাহার কলেজে নাসীরুদ্দীন পাটোয়ারীর ওপর ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে, যা আগেও দেখা গেছে। অথচ ঘটনার কিছুক্ষণের মধ্যেই কোনো তদন্ত, প্রমাণ বা সাক্ষ্য ছাড়াই এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম দাবি করেন—বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সমর্থনে এবং মির্জা আব্বাসের নির্দেশে ছাত্রদল এই ঘটনা ঘটিয়েছে।

তিনি বলেন, সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, নাসীরুদ্দীন পাটোয়ারীকে সেখানে আমন্ত্রণ জানানো হয়নি এবং সাধারণ শিক্ষার্থীরাই তাকে কলেজে ঢুকতে বাধা দিয়েছিল। তাহলে দাওয়াত ছাড়াই তিনি কেন বহিরাগতদের নিয়ে সেখানে প্রবেশ করলেন, কারা ডিম প্রস্তুত রেখেছিল এবং এই ঘটনার সঙ্গে তারেক রহমান, মির্জা আব্বাস বা ছাত্রদলের কী সম্পর্ক—সবই প্রশ্নবিদ্ধ ও রহস্যজনক।

ড. মাহদী আমিন বলেন, কোনো প্রমাণ ছাড়াই পরিকল্পিতভাবে তারেক রহমানের নাম জড়িয়ে দেওয়ার প্রবণতা ফ্যাসিবাদী মানসিকতারই বহিঃপ্রকাশ। এমন অপসংস্কৃতি থেকে সবাইকে বেরিয়ে আসার আহ্বান জানান তিনি।



ফেসবুক কর্নার