চাঁদাবাজ–দখলবাজের বাংলাদেশ নয়, জনগণের বাংলাদেশ চাই”- গাজী নজরুল ইসলাম
অভয়নগর প্রতিবেদক
Update Time :
Friday, January 30, 2026
/
40 Time View
/
Share
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম বলেছেন, চাঁদাবাজি, দখলবাজি ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হলে আসন্ন নির্বাচনে জনগণকে সচেতন সিদ্ধান্ত নিতে হবে।
তিনি বলেন, “আমরা চাঁদাবাজ-দখলবাজের বাংলাদেশ নয়, জনগণের বাংলাদেশ চাই। একটি ন্যায়ভিত্তিক ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়াই সময়ের দাবি।”
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের গড় কুমারপুর ভূমি অফিস মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জনসভায় সভাপতিত্ব করেন পদ্মপুকুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা ইদ্রিস আলী।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমান, জেলা জামায়াত নেতা মাওলানা আব্দুল মজিদ, অধ্যাপক আব্দুল জলিল, মাওলানা মইনুদ্দিন মাহমুদ, সাইদি হাসান বুলবুলসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে গাজী নজরুল ইসলাম তার সংসদ সদস্য থাকাকালীন সময়ের উন্নয়ন কর্মকাণ্ডের বিবরণ তুলে ধরে বলেন, তার সময়ে পদ্মপুকুর অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা ও জনসেবামূলক অবকাঠামো উন্নয়নে উল্লেখযোগ্য কাজ হয়েছে।
তিনি পাখিমারা খেয়াঘাট উন্নয়ন, পাখিমারা ফেরিঘাট স্থাপন এবং খেয়াঘাট থেকে চৌদ্দরশী পর্যন্ত সড়ক উন্নয়নের কথা উল্লেখ করে বলেন, এসব প্রকল্প পদ্মপুকুরবাসীর জীবনযাত্রায় বাস্তব পরিবর্তন এনেছে।
তিনি আরও বলেন, জনগণ যদি আবারও তাকে সেবা করার সুযোগ দেয়, তবে পদ্মপুকুর ইউনিয়নের রাস্তাঘাট উন্নয়ন, জননিরাপত্তা জোরদার এবং সার্বিক অবকাঠামো উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।
জনসভায় পদ্মপুকুর ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে পুরো মাঠ উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।