March 8, 2026, 7:50 am

চিরিরবন্দরে পাচারের সময় ৮৩ বস্তা সার আটক, জরিমানা

অভয়নগর প্রতিবেদক

চিরিরবন্দরে সার পাচারের সময় ৮৩ বস্তা সার আটক করে স্থানীয় জনতা মহাসড়ক অবরোধ করলে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দুই ব্যবসায়ীকে জরিমানা করেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার পুনট্রি ইউনিয়নের আমতলী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আমতলী বাজারের সার ব্যবসায়ী মাহমুদুল হক (৪২) ও জাহাঙ্গীর আলম সাতটি ভ্যানে করে ৮৩ বস্তা সার দিনাজপুর কোতোয়ালী থানা এলাকায় নেওয়ার উদ্দেশ্যে রওনা দিলে স্থানীয় জনতা ভ্যানসহ সার আটক করে। এ সময় প্রতিবাদে তারা দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়ক অবরোধ করে।
খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেহা তুজ জোহরা, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জোহরা সুলতানা এবং থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছান। সার ব্যবসায়ী দুজনকে হেফাজতে নিয়ে জব্দ করা সার স্থানীয় ইউনিয়ন পরিষদের প্রশাসকের জিম্মায় রাখা হয়। প্রায় তিন ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলায় ২০ জন বিসিসিআই সার ডিলারের পাশাপাশি ২০০৮ সালে ২৭ জন খুচরা বিক্রেতাকে সার বিক্রির অনুমতি দেওয়া হয়েছিল। আটক দুই ব্যবসায়ী তালিকাভুক্ত নন বলে জানিয়েছে কৃষি বিভাগ।
উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরা জানান, তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাহমুদুল হককে ৫০ হাজার টাকা এবং জাহাঙ্গীর আলমকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দকৃত সার সরকারি নির্ধারিত মূল্যে স্থানীয় কৃষকদের কাছে বিক্রি করা হবে।



ফেসবুক কর্নার