
নড়াইলে যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের ৯০তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় নড়াইল সদর উপজেলার চণ্ডীবরপুর ইউনিয়নের ‘নূর মোহাম্মদ নগর’-এ বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ ট্রাস্ট ও জেলা প্রশাসনের যৌথ আয়োজনে এই কর্মসূচি সম্পন্ন হয়।
উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে ছিল পবিত্র কোরআনখানি, র্যালি, স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, গার্ড অব অনার, আলোচনা সভা ও দোয়া মাহফিল। নূর মোহাম্মদ নগরে স্থাপিত স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, সদর উপজেলা প্রশাসন ও বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ ট্রাস্টের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর জেলা পুলিশের একটি চৌকস দল বীরশ্রেষ্ঠের সম্মানে ‘গার্ড অব অনার’ প্রদান করে।
পুষ্পস্তবক অর্পণের পর বীরশ্রেষ্ঠ শহীদ নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক ড. মোহাম্মদ আব্দুল ছালাম। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহসান মাহমুদ রাসেলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. নূর-ই আলম সিদ্দিকী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা টি.এম. রাহসিন কবির এবং বীর মুক্তিযোদ্ধা কউসার উদ্দিন মোল্লা।
অনুষ্ঠানে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ছেলে গোলাম মোস্তফা কামাল, পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ, স্থানীয় শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের বীরত্বগাথা স্মরণ করে নতুন প্রজন্মকে তাঁর আদর্শে দেশপ্রেমিক হওয়ার আহ্বান জানান।