March 6, 2026, 1:06 am
শিরোনাম :

দুর্গাপুরে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে ৫০ সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

জাহাঙ্গীর আলম রাজশাহী

রাজশাহীর দুর্গাপুর উপজেলার ৫০টি সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। পবিত্র রমজান উপলক্ষে দেশব্যাপী ৩৩ হাজার ৩০০ অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণের উদ্যোগ গ্রহণ করেছে মানবিক সংগঠন আস-সুন্নাহ ফাউন্ডেশন।
‘ইফতার বিতরণ ২০২৬’ নামক এই মেগা প্রকল্পের অংশ হিসেবে দুর্গাপুর উপজেলার নির্বাচিত ৫০টি পরিবারের কাছে ইফতার প্যাকেজ পৌঁছে দেওয়া হয়।
দুর্গাপুর উপজেলায় ফাউন্ডেশনের প্রতিনিধি হিসেবে মাঠপর্যায়ে কার্যক্রম পরিচালনা করেন মো. সাকিবুল ইসলাম সাব্বির। তিনি প্রকৃত সুবিধাভোগীদের শনাক্ত করতে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করে একটি প্রাথমিক তালিকা প্রস্তুত করেন এবং তা ফাউন্ডেশনের দপ্তরে পাঠান। পরবর্তীতে যাচাই-বাছাই শেষে চূড়ান্ত তালিকা প্রণয়ন করা হয়। সেই তালিকা অনুযায়ী কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ইফতার প্যাকেজ সুবিধাভোগীদের কাছে পৌঁছে দেওয়া হয়।
ফাউন্ডেশনের নির্ধারিত প্রতিটি ইফতার প্যাকেজের মূল্য এক হাজার টাকা। এতে রয়েছে— ১ কেজি খেজুর, ২ কেজি ছোলা, ২ কেজি মসুর ডাল, ১ কেজি মুড়ি এবং ১ লিটার সয়াবিন তেল।
মাঠপর্যায়ের অভিজ্ঞতা তুলে ধরে মো. সাকিবুল ইসলাম সাব্বির বলেন, অসহায় মানুষের কষ্ট কাছ থেকে দেখে তিনি গভীরভাবে অনুপ্রাণিত হয়েছেন। অনেকেই একসময় স্বচ্ছল থাকলেও বর্তমানে মানবেতর জীবনযাপন করছেন। দুর্গম এলাকায় বসবাসরত এক ব্যক্তির কাছে ইফতার পৌঁছে দেওয়ার অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, এসব দৃশ্য মানুষকে জীবনের প্রতি নতুনভাবে কৃতজ্ঞ হতে শেখায়।
তিনি আরও বলেন, মানুষের পাশে দাঁড়াতে রাজনৈতিক পরিচয়ের প্রয়োজন নেই; নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে এলে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। তিনি ইসলামিক বক্তা শায়খ আহমাদুল্লাহ এবং তাঁর প্রতিষ্ঠিত ফাউন্ডেশনের মানবিক কার্যক্রমকে অনুকরণীয় উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।
ফাউন্ডেশনের অন্যান্য কার্যক্রমের মধ্যে রয়েছে গৃহ নির্মাণ, স্বাবলম্বী প্রকল্প, উদ্যোক্তা তৈরি, শীতবস্ত্র ও রিকশা বিতরণসহ বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ।
উল্লেখ্য, মো. সাকিবুল ইসলাম সাব্বির স্বেচ্ছাসেবী কাজের পাশাপাশি তথ্যপ্রযুক্তি খাতে কর্মরত। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রভিত্তিক ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান Ilmul Quran USA-তে সিনিয়র ডেভেলপার হিসেবে দায়িত্ব পালন করছেন।



ফেসবুক কর্নার