
বিশ্ব পানি দিবস ২০২৬ উপলক্ষে “পানি ও লিঙ্গ সমতা” প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগরে সুপেয় পানির সংকট নিরসনের দাবিতে খালি কলস হাতে নিয়ে কলসবন্ধন কর্মসূচি পালন করেছেন উপকূলবাসী।
রবিবার (২২ মার্চ) সকাল ১১টায় উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের মথুরাপুর গ্রামে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা গ্লোবাল প্লাটফর্ম বাংলাদেশ ও সিডো সাতক্ষীরার সহযোগিতায় উপকূলীয় যুব স্বেচ্ছাসেবী সংগঠন ‘শরুব ইয়ুথ টিম’ এই কর্মসূচির আয়োজন করে।
এ সময় স্থানীয় শতাধিক নারী ও যুবক-যুবতী পানির কলস নিয়ে নদীর তীরে অবস্থান নেন। তারা “টাকা দিয়ে পানি কিনে খেতে চাই না”, “পানি বাণিজ্যিকরণ বন্ধ করো”, “আর কতকাল লবণ পানি খেতে হবে?”—এমন নানা স্লোগান সংবলিত ব্যানার-ফেস্টুন প্রদর্শন করেন।
সমাবেশে শরুব ইয়ুথ টিমের নির্বাহী পরিচালক এস এম জান্নাতুল নাঈম বলেন, “চারদিকে পানি থাকলেও সুপেয় পানির তীব্র সংকট রয়েছে। নদীভাঙন ও লবণাক্ততার কারণে মিষ্টি পানির উৎসগুলো নষ্ট হয়ে যাচ্ছে। ফলে উপকূলের মানুষ, বিশেষ করে নারীরা প্রতিদিন পানির জন্য সংগ্রাম করছে।”
ডেপুটি কো-অর্ডিনেটর আবিদ হোসেন বলেন, “উপকূলবাসীর জন্য সুপেয় পানির নিশ্চয়তা রাষ্ট্রকেই দিতে হবে।” স্থানীয় বাসিন্দা অর্পিতা মন্ডল টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানান।
এ সময় আরও বক্তব্য দেন প্রোগ্রাম ডিরেক্টর দেবব্রত বিশ্বাস, জলবায়ু কর্মী ফুয়াদ মাহমুদ, রবিউল ইসলাম, স্বেচ্ছাসেবী উম্মে সালমা, হালিমা খাতুন, জেবা তাসনিয়া, আব্দুস সালাম ও রাজীব বৈদ্যসহ অন্যান্যরা।
কর্মসূচিতে বক্তারা উপকূলীয় অঞ্চলে সুপেয় পানির সংকট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।