April 23, 2026, 1:00 pm
শিরোনাম :
দেড় মাস ধরে আদালত চত্বরে ময়লার স্তূপ, দুর্ভোগে বিচারপ্রার্থী ও ব্যবসায়ীরা নলডাঙ্গায় আগুনে কৃষকের ৮টি ছাগল পুড়ে ছাই, ক্ষতি প্রায় ২ লাখ টাকা প্রধান শিক্ষকের অবহেলায় এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারল না শিক্ষার্থী খুলনায় গুপ্ত রাজনীতির বিরুদ্ধে ছাত্রদলের দেয়াললিখন লংগদুতে প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত লোডশেডিংয়ে বিপর্যস্ত ঝিনাইদহ: কৃষি ও শিক্ষায় মারাত্মক প্রভাব নকল-ভেজাল পণ্যে দখল বাজার: জনস্বাস্থ্য ও অর্থনীতিতে বাড়ছে চাপ ডিভোর্সের পরও একসঙ্গে বসবাসের অভিযোগে নাসিরনগরে মাদ্রাসা সুপারকে ঘিরে বিতর্ক নরসিংদীর রায়পুরায় মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ১, কারাদণ্ড শহরে আলোক অপচয়, গ্রামে লোডশেডিং—বিপাকে এসএসসি পরীক্ষার্থীরা

হামলার প্রতিবাদে ২৪ ঘণ্টার কর্মবিরতিতে রাজশাহী মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকরা

জাহাঙ্গীর আলম রাজশাহী

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের ওপর হামলার অভিযোগে ২৪ ঘণ্টার কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। মঙ্গলবার সকালে ইন্টার্ন ডক্টরস সোসাইটির পক্ষ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
জানা যায়, রাজশাহীর চারঘাট উপজেলার ধর্মহাটা গ্রামের জুলিয়ারা বেগম (৫০) অসুস্থ হয়ে রোববার রামেক হাসপাতালের ৩৬ নম্বর ওয়ার্ডে ভর্তি হন। পরদিন সোমবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে তার ছেলে সেনাবাহিনীর ল্যান্স কর্পোরাল সোহেল আলী (২৯) ও তার ভাই জয় আলী (২৪) কর্তব্যরত ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন।
প্রত্যক্ষদর্শীরা জানান, একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং সেখানে উপস্থিত অন্যান্য ইন্টার্ন চিকিৎসকরাও জড়ো হন। পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সোহেল আলী ও জয় আলী আহত হন। পরবর্তীতে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং পুলিশে সোপর্দ করা হয়।
ঘটনার পর হাসপাতালের ওয়ার্ড মাস্টার এস এম মোশাররফ হোসেন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলায় সোহেল আলী ও জয় আলীসহ অজ্ঞাত একজনকে আসামি করা হয়েছে। অভিযোগে বলা হয়, তারা চিকিৎসকদের সরকারি কাজে বাধা প্রদান ও হুমকি দিয়েছেন।
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, জয় আলীকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে এবং সেনাসদস্য সোহেল আলীকে সামরিক আইনে বিচারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে ইন্টার্ন চিকিৎসকদের দাবি, সাম্প্রতিক সময়ে হাসপাতালে তারা রোগীর স্বজনদের হাতে হেনস্তা ও হামলার শিকার হচ্ছেন। এর প্রতিবাদে তারা ২৪ ঘণ্টার কর্মবিরতি পালন করছেন এবং হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।
কর্মবিরতির কারণে হাসপাতালে চিকিৎসাসেবা নিতে আসা রোগীরা ভোগান্তিতে পড়েছেন। অনেক ওয়ার্ডে ইন্টার্ন চিকিৎসক না থাকায় চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে।
হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস বলেন, তিনি বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করছেন।



ফেসবুক কর্নার