June 5, 2026, 1:55 am
শিরোনাম :
বিজয়নগরে ২০ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে কথিত নিয়োগ বাণিজ্য: ভাইরাল অডিওতে উন্মোচিত প্রভাব খাটানোর অভিযোগ, প্রশ্নের মুখে স্বচ্ছতা ঠাকুরগাঁওয়ে ৭৩ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তি মোরেলগঞ্জে জমি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন, হামলার অভিযোগ সেনাবাহিনীর সহায়তায় দৃষ্টিশক্তি রক্ষার আশায় পাহাড়ি শিশু মসজিদ প্রাঙ্গণ থেকেও মোটরসাইকেল চুরি, রৌমারীতে বাড়ছে বাইক চোর চক্রের তৎপরতা রামপালে হত্যা মামলায় নিরপেক্ষ তদন্তের দাবিতে বিএনপির বিক্ষোভ মা-বাবার প্রতি অবহেলা রোধে মানিকগঞ্জে মানববন্ধন প্রাথমিক শিক্ষায় যুগান্তকারী পদক্ষেপ: চলতি বছরেই চালু হচ্ছে দেশব্যাপী মিড ডে মিল ও স্কুল ড্রেস নওগাঁয় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

মান্দা স্বাস্থ্যকেন্দ্রে জাতীয় পতাকা উত্তোলন বন্ধ, অবমাননার অভিযোগ

জালাল হোসেন নওগাঁ প্রতিনিধি

নওগাঁর মান্দা উপজেলার একটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে নিয়মিত জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে কেন্দ্রটিতে জাতীয় পতাকা উত্তোলনের বিধি মানা হচ্ছে না, যা জাতীয় পতাকার প্রতি অবমাননার শামিল।
মঙ্গলবার (৫ মে) দুপুরে সরেজমিনে কেন্দ্রটি পরিদর্শনে গিয়ে দেখা যায়, সেখানে জাতীয় পতাকা উত্তোলনের কোনো চিহ্ন নেই। সরকারি নিয়ম অনুযায়ী সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সব সরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের বাধ্যবাধকতা থাকলেও এই কেন্দ্রে তা উপেক্ষিত হচ্ছে।
কেন্দ্রে কর্মরত ফার্মাসিস্ট মোস্তাক আহম্মেদ জানান, প্রতিদিন নয়, শুধুমাত্র জাতীয় দিবসগুলোতে এখানে পতাকা উত্তোলন করা হয়।
অন্যদিকে পরিবার কল্যাণ পরিদর্শিকা রিনা আফরোজ মোবাইল ফোনে জানান, তিনি বর্তমানে ছুটিতে রয়েছেন। পতাকা উত্তোলন না করার বিষয়ে তিনি বলেন, “কেন্দ্রটির কোনো সীমানা প্রাচীর নেই। এর আগে পতাকা উত্তোলনের স্টিলের পাইপ চুরি হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। পুনরায় চুরির আশঙ্কায় সেটি খুলে ভেতরে রাখা হয়েছে।”
সরেজমিনে আরও দেখা যায়, গুরুত্বপূর্ণ এই স্বাস্থ্যকেন্দ্রটির ৫টি পদের মধ্যে ৩টিই দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (এসএসিএমও), আয়া ও পিয়ন পদ খালি থাকায় কার্যক্রমে বিঘ্ন ঘটছে। পরিদর্শিকা ছুটিতে থাকায় বর্তমানে একমাত্র ফার্মাসিস্ট দিয়েই কেন্দ্রটির সেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে। পরিদর্শনের সময় কেন্দ্রে কোনো রোগীর উপস্থিতিও দেখা যায়নি।
এ বিষয়ে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুশফিকুর রহমান বলেন, “জাতীয় পতাকা উত্তোলন না করা এবং দায়িত্বে অবহেলার বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। সংশ্লিষ্টদের সতর্ক করা হবে এবং দ্রুত নিয়মিত পতাকা উত্তোলনের ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয় সচেতন মহল মনে করছে, সরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকার যথাযথ মর্যাদা নিশ্চিত করা কর্তৃপক্ষের দায়িত্ব। এ ক্ষেত্রে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন জরুরি।



ফেসবুক কর্নার