
লক্ষ্মীপুরের রামগতিতে বিশিষ্ট ব্যবসায়ী ও উচ্চশিক্ষাবিদ ড. আশরাফ আলী চৌধুরী সারুর বাসভবনে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৭ মে ২০২৬) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার চর রমিজ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের দিকে শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে একদল লোক ড. আশরাফ আলীর বাড়ির সামনে জড়ো হয়। পরে হেলমেট পরিহিত কয়েকজন বাড়ির ভেতরে প্রবেশ করে ভাঙচুর চালায়। এ সময় বাড়ির প্রধান ফটক, দরজা, জানালার কাঁচ ও সিসি ক্যামেরা ভাঙচুর করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
পরিবারের সদস্যদের দাবি, হামলাকারীরা ঘরের বিভিন্ন আসবাবপত্র তছনছ করার পাশাপাশি মূল্যবান মালামাল নিয়ে যায়। এতে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তারা জানিয়েছেন।
ড. আশরাফ আলী চৌধুরী সারু বলেন, “পরিকল্পিতভাবে আমার বাড়িতে হামলা চালানো হয়েছে। ঘরের বিভিন্ন জিনিসপত্র নষ্ট ও লুট করা হয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার চাই।”
এ বিষয়ে রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, ঘটনাটি সম্পর্কে তিনি অবগত হয়েছেন। তবে এখন পর্যন্ত থানায় লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।