
লক্ষ্মীপুর জেলার ১৫ নম্বর নাহারকান্দি ইউনিয়নের আটিয়া তলী এলাকার হাফেজ নজির আহমেদ কমিউনিটি ক্লিনিকের অনিয়ম ও অব্যবস্থাপনা নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে, সরকারি নিয়ম অনুযায়ী সপ্তাহে ছয় দিন স্বাস্থ্যসেবা দেওয়ার কথা থাকলেও বাস্তবে ক্লিনিকটি নিয়মিতভাবে খোলা থাকে না এবং প্রয়োজনীয় সেবাও পাওয়া যায় না।
স্থানীয় সূত্রে জানা যায়, ক্লিনিকটিতে সপ্তাহে মাত্র পাঁচ দিন সীমিত সময়ের জন্য চিকিৎসাসেবা দেওয়া হয়। সরকারি নির্দেশনা অনুযায়ী সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত খোলা থাকার কথা থাকলেও অধিকাংশ সময় সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত কার্যক্রম পরিচালিত হয় বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।
ভুক্তভোগীরা জানান, ক্লিনিকে গিয়ে অনেক সময় চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীদের পাওয়া যায় না। এছাড়া প্রয়োজনীয় ওষুধের সংকট থাকায় রোগীদের কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হতে হচ্ছে। এতে করে সাধারণ মানুষ বিশেষ করে নারী, শিশু ও বৃদ্ধরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।
স্থানীয় বাসিন্দারা দ্রুত ক্লিনিকটির অনিয়ম তদন্ত করে নিয়মিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। তারা বলেন, গ্রামের সাধারণ মানুষের জন্য কমিউনিটি ক্লিনিকই একমাত্র প্রাথমিক চিকিৎসার ভরসা। তাই এখানে সেবার মান উন্নয়ন জরুরি।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী।