June 27, 2026, 4:14 am

দিনাজপুরে ডিবি পুলিশের অভিযানে ১ হাজার নেশাজাতীয় ট্যাবলেটসহ আটক ১

ময়নুল ইসলাম পঞ্চগড়

দিনাজপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
শনিবার (৯ মে) দিনাজপুর জেলা পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ডিবি) দায়িত্বপ্রাপ্ত মুহাম্মদ আলমগীর পিপিএম-এর নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
অভিযানে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৩নং শতগ্রাম ইউনিয়নের ধুলাউরী গ্রামের একটি ইউক্যালিপ্টাস বাগানের সামনে ওয়াপদা ক্যানেলগামী কাঁচা রাস্তা থেকে আলামিন ওরফে আল আমিন (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি উপজেলার প্রসাদপাড়া এলাকার মৃত আব্দুল বারেকের ছেলে।
পুলিশ জানায়, আটক ব্যক্তির কাছ থেকে প্রথমে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে আরও ৯০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করে।
অভিযানে মোট ১ হাজার পিস নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি এসব ট্যাবলেট বিক্রির উদ্দেশ্যে নিজের কাছে রেখেছিল বলে স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে বীরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।



ফেসবুক কর্নার