
নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরি উপজেলার বন্যাকবলিত হাওরাঞ্চল সরেজমিন পরিদর্শন করেছেন। চলতি বোরো মৌসুমে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকায় অনিয়মের অভিযোগ ওঠায় নতুন করে যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুতের ঘোষণা দেন তিনি।
শনিবার বিকেলে মদন উপজেলার বিভিন্ন হাওর এলাকা পরিদর্শনকালে স্থানীয় কৃষক ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এমপি বাবর। এ সময় তিনি বলেন, পূর্বের তালিকায় অনেক প্রকৃত কৃষকের নাম বাদ পড়েছে, আবার অনিয়মের মাধ্যমে অযোগ্য ব্যক্তিদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। তাই নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নতুন তালিকা প্রস্তুত করা হবে, যাতে প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা সরকারি সহায়তা পান।
তিনি বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার ঘোষণা দিয়েছেন। তবে সেই সহায়তা যেন প্রকৃত ভুক্তভোগীদের হাতে পৌঁছে, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।”
লুৎফুজ্জামান বাবর আরও বলেন, রাজনৈতিক বা ব্যক্তিগত প্রভাবের ঊর্ধ্বে থেকে কৃষকদের তালিকা প্রণয়ন করতে হবে। একই সঙ্গে বিএনপির নেতাকর্মীদের প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
হাওরের পরিবেশ ও মৎস্যসম্পদ রক্ষায় তিনি নিষিদ্ধ জাল ব্যবহারের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, অবৈধ জাল ব্যবহার করলে তাৎক্ষণিকভাবে তা ধ্বংস করা হবে। সরকারিভাবে হাওরে মাছ অবমুক্ত করার পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগেও মাছ ছাড়ার ঘোষণা দেন তিনি।
এ সময় তিনি স্থানীয়দের উদ্দেশ্যে বলেন, “হাওরের পোনা মাছ ধরা থেকে বিরত থাকুন। মাছ বড় হলে সেটি আপনাদেরই উপকারে আসবে।”
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বেদবতী মিস্ত্রী, সহকারী কমিশনার (ভূমি) শাওলীন নাহার, উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, উপজেলা যুবদলের সভাপতি রুবেল, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর, উপজেলা ছাত্রদলের সভাপতি এস এইচ পিপুল, সাধারণ সম্পাদক মোঃ শামীম হাসানসহ স্থানীয় প্রশাসন ও বিএনপির নেতাকর্মীরা।