June 26, 2026, 11:54 pm

সিলেটে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত, আহত আরেক

অভয়নগর প্রতিবেদক

সিলেটের জৈন্তাপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় তাহসিন আহমদ (১৪) নামে এক কিশোর মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন কিশোর গুরুতর আহত হয়েছেন।
রোববার বিকেল প্রায় ৩টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের চিকনাগুল খান চা-বাগান গেইট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সিলেটগামী একটি প্রাইভেট কারের সঙ্গে হরিপুরগামী একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মোটরসাইকেলে থাকা জৈন্তাপুর উপজেলার ৫নং ফতেপুর ইউনিয়নের হরিপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে তাহসিন আহমদ ঘটনাস্থলেই নিহত হন।
এ সময় একই মোটরসাইকেলে থাকা তাহের আহমদ (১৫) গুরুতর আহত হন। স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
তামাবিল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। পরে স্থানীয়দের সহযোগিতায় মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।
ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



ফেসবুক কর্নার