June 26, 2026, 11:55 pm

ময়মনসিংহে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের পেশাগত মর্যাদা রক্ষায় মানববন্ধন

অভয়নগর প্রতিবেদক

ময়মনসিংহের গফরগাঁওয়ে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) ও বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া)-এর যৌথ উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে গফরগাঁও উপজেলা প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়। বিভিন্ন ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভদের ‘দালাল’ আখ্যায়িত করা, অন্যায়ভাবে গ্রেপ্তার এবং সাম্প্রতিক বিভিন্ন ঘটনার প্রতিবাদে এই মানববন্ধনের আয়োজন করা হয় বলে আয়োজকরা জানান।
সমাবেশে বক্তব্য রাখেন ফারিয়ার কেন্দ্রীয় সভাপতি হাবিবুর রহমান (হাবিব), কেন্দ্রীয় সহ-সভাপতি সাইদুল ইসলাম (তপন), কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইয়াজুজ হাসান (লিটন), গফরগাঁও উপজেলা ফারিয়ার সভাপতি অলিউল্লাহ খন্দকার (সুসান) প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন গফরগাঁও উপজেলা ফারিয়ার সাধারণ সম্পাদক নয়ন শাহ্।
বক্তারা বলেন, দেশের বিভিন্ন ওষুধ কোম্পানিতে উচ্চশিক্ষিত তরুণরা রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করছেন। তাদের ‘দালাল’ বলে আখ্যায়িত করা অত্যন্ত অপমানজনক। তারা এ ধরনের মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে তা প্রত্যাহারের দাবি করেন।
এছাড়া কর্মক্ষেত্রে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানান বক্তারা। তারা বলেন, পেশাগত মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ প্রয়োজন।
মানববন্ধনে গফরগাঁও উপজেলা ফারিয়ার কার্যকরী কমিটির সদস্যসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।



ফেসবুক কর্নার