
মানুষের সুস্থ জীবন ও ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ রাখতে বিষমুক্ত খাদ্য উৎপাদনে কৃষকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন ফরিদপুর অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা।
বৃহস্পতিবার (১৪ মে) বেলা ১১টায় গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রিসিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER)” প্রকল্পের আওতায় আয়োজিত পার্টনার কংগ্রেস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশে কৃষি উৎপাদন বৃদ্ধি পেলেও নিরাপদ খাদ্য উৎপাদন এখনও আশানুরূপ নয়। অধিক ফলনের আশায় অনেক কৃষক অতিরিক্ত রাসায়নিক ও বিষ ব্যবহার করছেন। ফলে এসব খাদ্য গ্রহণ করে মানুষ নানা রোগে আক্রান্ত হচ্ছে। তিনি ভবিষ্যৎ প্রজন্মের সুস্থতার জন্য নিরাপদ ও বিষমুক্ত খাদ্য উৎপাদনে কৃষকদের সচেতন হওয়ার আহ্বান জানান।
মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে এবং উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রুহুল কুদ্দুস আহম্মেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. মামুনুর রহমান।
তিনি বলেন, স্বাধীনতার ৫৪ বছর পরও কৃষকরা তাদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। কৃষকরা ন্যায্যমূল্য পেলে কৃষি উৎপাদনে তাদের আগ্রহ আরও বৃদ্ধি পাবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মিজানুর রহমান। এছাড়া বক্তব্য রাখেন মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল ছালাম খান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম, উপজেলা সমবায় কর্মকর্তা সাইফুল ইসলাম এবং পার্টনার কংগ্রেস স্কুলের শিক্ষার্থী ওহিদুজ্জামান বকুল।
এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, কৃষি বিভাগের কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, কৃষক-কৃষাণী, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।