
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এনামুল হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (১৪ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে প্রেসক্লাব নেতারা ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় পরিচিতি পর্বের মাধ্যমে আলোচনা শুরু করেন নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের জ্যেষ্ঠ সাংবাদিক ও আহ্বায়ক আব্দুল হামিদ। পরে প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক মানবজমিন প্রতিনিধি আমিনুল ইসলাম নাইক্ষ্যংছড়িকে পর্যটনবান্ধব উপজেলা হিসেবে গড়ে তোলার প্রস্তাব তুলে ধরেন এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের তালিকাভুক্ত করার আহ্বান জানান। ইউএনও বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দেন।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তর এবং এশিয়ান টিভির প্রতিনিধি জাহাঙ্গীর আলম কাজল উপজেলার সার্বিক চিত্র তুলে ধরে বিভিন্ন উন্নয়নমূলক পরামর্শ প্রদান করেন। সহ-সভাপতি ও সাংবাদিক নেতা আব্দুর রশিদ স্থানীয় সাংবাদিকতার বিভিন্ন দিক তুলে ধরেন।
এছাড়া সাবেক সাধারণ সম্পাদক মাহমুদ হক বাহাদুর উন্নয়নমূলক প্রতিবেদন সম্বলিত প্রকাশনা ইউএনও’র হাতে তুলে দেন। অর্থ সম্পাদক মোহাম্মদ ইউনুছ বলেন, উপজেলার উন্নয়নের স্বার্থে সাংবাদিকরা সবসময় তথ্যভিত্তিক সংবাদ পরিবেশনে কাজ করে যাচ্ছেন।
যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন টুকু নাইক্ষ্যংছড়ি-রামু সড়কে সিএনজির যৌক্তিক ভাড়া নির্ধারণের দাবি জানান। সভায় আরও উপস্থিত ছিলেন ক্রীড়া সম্পাদক শাহিন এবং সাংবাদিক মোহাম্মদ তৈয়ব উল্লাহসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা।
নবাগত ইউএনও এনামুল হাসান সাংবাদিকদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং বলেন, কক্সবাজারের নিকটবর্তী হওয়ায় নাইক্ষ্যংছড়িকে সম্ভাবনাময় পর্যটন এলাকা হিসেবে গড়ে তোলার সুযোগ রয়েছে। তিনি জানান, নাইক্ষ্যংছড়ি-রামু সড়কের উন্নয়ন, পর্যটক পরিবহনে বাস সার্ভিস চালু, রেল যোগাযোগ আধুনিকায়ন এবং নতুন পর্যটন স্পট তৈরির বিষয়ে পরিকল্পনা নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, আইনের আওতায় থেকে সকলের জন্য প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে। পাশাপাশি পাহাড় কাটাসহ পরিবেশবিরোধী কর্মকাণ্ড রোধে সাংবাদিক ও সচেতন নাগরিকদের সহযোগিতা কামনা করেন।