
মাদারীপুরের শিবচরে মাদক সেবন ও বিক্রির অভিযোগে নারীসহ তিনজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার সকালে শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা এ দণ্ডাদেশ প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন—শিবচর উপজেলার পূর্বকাকৈর বাটেরচর গ্রামের কালাম মাদবরের স্ত্রী সালমা বেগম (৪৫), তার ছেলে সাকিব আল হাসান (২৬) এবং একই এলাকার সরাব উদ্দিন (৪০)।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাতে পূর্বকাকৈর বাটেরচর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় কালাম মাদবরের বাড়িতে মাদক সেবনের অভিযোগে সরাব উদ্দিনকে আটক করা হয়। অভিযানের সময় কালাম মাদবর পালিয়ে যান। পরে তার স্ত্রী সালমা বেগম ও ছেলে সাকিব আল হাসানকে মাদক সেবনের সরঞ্জামসহ আটক করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা শেষে সরাব উদ্দিনকে দুই বছরের কারাদণ্ড এবং সালমা বেগম ও সাকিব আল হাসানকে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়।
শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা জানান, মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।