ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ, তাকওয়া ও মানবতার শিক্ষা
সুরাইয়া ইয়াসমিন -ইসলামী বিশ্ববিদ্যায়ল প্রতিনিধি ।
Update Time :
Tuesday, May 26, 2026
/
19 Time View
/
Share
পবিত্র ঈদুল আজহা মুসলিম উম্মাহর জীবনে ত্যাগ, আত্মসমর্পণ ও তাকওয়ার এক মহিমান্বিত বার্তা বহন করে। প্রতি বছর জিলহজ মাসের ১০ তারিখে উদযাপিত এই উৎসব কেবল পশু কোরবানির মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং মানুষের ভেতরের অহংকার, লোভ ও স্বার্থপরতাকে বিসর্জন দেওয়ার শিক্ষা দেয়।
এই উপলব্ধিকে সামনে রেখে ইসলামী বিশ্ববিদ্যালয়-এর বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা তুলে ধরেছেন ঈদুল আজহা নিয়ে তাদের নিজস্ব ভাবনা ও অনুভূতি।
ঈদুল আজহার অন্তর্নিহিত চেতনা
লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী সিফাত সুলতানা বলেন, ঈদুল আজহা আত্মত্যাগ, সমর্পণ এবং গভীর জীবনবোধের এক মহান শিক্ষা। আল্লাহর সন্তুষ্টির জন্য প্রিয় জিনিস ত্যাগ করার যে চেতনা, তা মানুষকে লোভ, অহংকার ও স্বার্থপরতা পরিহার করতে শেখায়। তিনি মনে করেন, কোরবানির প্রকৃত আনন্দ নিহিত রয়েছে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোর মধ্যে।
ত্যাগ, তাকওয়া ও মানবতার মহিমা
সমাজকল্যাণ বিভাগের শিক্ষার্থী মাহফুজা রহমান বলেন, কোরবানির ঈদ মানবিক মূল্যবোধ, সহমর্মিতা ও আত্মসমর্পণের প্রতীক। হযরত ইবরাহিম (আ.)-এর ত্যাগের শিক্ষা মানুষকে আত্মকেন্দ্রিকতা পরিহার করে মানবতার পথে চলতে উদ্বুদ্ধ করে। তিনি বলেন, সমাজের সক্ষম মানুষরা যদি দরিদ্র ও অসহায়দের পাশে দাঁড়ান, তবেই ঈদের আনন্দ সর্বজনীন হয়ে উঠবে।
ত্যাগের মহিমায় কোরবানির ঈদ
ল’ অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের শিক্ষার্থী হাসিব আবদুল্লাহ বলেন, পরিবারের সঙ্গে পশুর হাটে যাওয়া, ঈদের নামাজ আদায় এবং সবার সঙ্গে আনন্দ ভাগাভাগি করাই ঈদের প্রকৃত সৌন্দর্য। তিনি বলেন, হযরত ইসমাইল (আ.) ও হযরত ইবরাহিম (আ.)-এর ঘটনা থেকে মানুষ আত্মত্যাগ ও আনুগত্যের শিক্ষা পায়।
‘কোরবানি’ শুধু গোশত ভক্ষণ নয়
ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী বখতিয়ার মোহাম্মদ সোহান বলেন, কোরবানির মূল উদ্দেশ্য হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন। এটি শুধু গোশত ভক্ষণ নয়, বরং নিজের সবচেয়ে প্রিয় জিনিস আল্লাহর পথে উৎসর্গ করার শিক্ষা দেয়। তিনি মনে করেন, মানুষের অন্তরের নেতিবাচক প্রবৃত্তিগুলো দূর করাই হওয়া উচিত কোরবানির মূল চেতনা।
ঈদের আনন্দ ও দায়িত্বশীলতা
একই বিভাগের শিক্ষার্থী মো. ইমরান হোসেন সৈকত বলেন, ঈদ মানুষের মধ্যে ভালোবাসা, সহমর্মিতা ও মানবতার বার্তা ছড়িয়ে দেয়। কোরবানির মাংস গরিব ও অসহায় মানুষের মাঝে বিতরণের মাধ্যমে সমাজে সম্প্রীতি ও সহানুভূতির পরিবেশ তৈরি হয়।
বাড়ি ফেরার অনুভূতি
আইন বিভাগের শিক্ষার্থী মাসুম আহমেদ বলেন, যারা পড়াশোনা বা কাজের কারণে বাড়ির বাইরে থাকেন, তাদের জন্য ঈদ মানেই নতুন উন্মাদনা। পরিবার নিয়ে পশুর হাটে যাওয়া এবং ঈদের প্রস্তুতি নেওয়ার অনুভূতি এক অনন্য আনন্দ সৃষ্টি করে। তিনি বলেন, কোরবানির মাধ্যমে ধনী-গরিবের মধ্যে ভ্রাতৃত্ববোধ আরও দৃঢ় হয়।
সংযম ও তাকওয়ার শিক্ষা
আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ মুহা. হুমায়ুন বলেন, ঈদুল আজহা আত্মশুদ্ধি ও সংযমের শিক্ষা দেয়। তিনি আক্ষেপ করে বলেন, বর্তমানে অনেকে কোরবানির প্রকৃত উদ্দেশ্য ভুলে গিয়ে বাহ্যিক জাঁকজমক ও প্রতিযোগিতায় মেতে ওঠেন। অথচ কোরবানির আসল শিক্ষা হলো বিনয়, আন্তরিকতা ও তাকওয়া অর্জন।