
পঞ্চগড়ে এসএসসি পরীক্ষার একটি কেন্দ্রে নির্ধারিত সময়ের আগেই এক পরীক্ষার্থীর তিনটি ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি নিয়ে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, পঞ্চগড় সদর উপজেলার জগদল দ্বিমুখী উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষা কেন্দ্রে অমরখানা উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থী তনুশ্রী দত্তের পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান বিষয়ের ব্যবহারিক পরীক্ষা নির্ধারিত সময়ের আগেই নেওয়া হয়। পরীক্ষার্থীর রোল নম্বর ২৬৫০২২।
কেন্দ্র সূত্রে জানা গেছে, ব্যবহারিক পরীক্ষার জন্য ৮ ও ৯ জুন তারিখ নির্ধারিত থাকলেও ৭ জুন পরীক্ষার্থীকে কেন্দ্রে এনে এককভাবে পরীক্ষা নেওয়া হয়। অভিযোগ রয়েছে, দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের অনুপস্থিতিতে বিদ্যালয়ের ল্যাব সহকারী মিজানুর রহমানের তত্ত্বাবধানে প্রায় দুই ঘণ্টার মধ্যে তিন বিষয়ের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা সম্পন্ন করা হয়।
এছাড়া নির্ধারিত পরীক্ষার দিন ৯ জুনের উপস্থিতি তালিকায় পরীক্ষার্থীর উপস্থিতির স্বাক্ষরও করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
বিষয়টি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কেন্দ্র সচিব ও জগদল দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুর রহমান বলেন, পরীক্ষার্থীর বাবা এবং সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অনুরোধে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছিল। তিনি কোনো আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগ অস্বীকার করেন। তবে এককভাবে পরীক্ষা গ্রহণের জন্য কোনো লিখিত আবেদন ছিল কি না জানতে চাইলে তিনি তা দেখাতে পারেননি।
অভিযোগ সম্পর্কে জানতে চাইলে পঞ্চগড় সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লুৎফুল কবির মো. কামরুল হাসান বলেন, “বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। কোনো পরীক্ষার্থীকে এককভাবে ব্যবহারিক পরীক্ষার সুযোগ দিতে হলে যথাযথ আবেদন ও অনুমোদন প্রয়োজন। অভিযোগের বিষয়টি তদন্ত করে নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।