
আসন্ন ঈদুল আজহার সিনেমার মিছিলে বড়সড় ধামাকা হতে যাচ্ছে সাইফ চন্দন পরিচালিত অ্যাকশন সিনেমা ‘মালিক’। সদ্য প্রকাশ পাওয়া ট্রেলার ও প্রথম গান ‘গুলগুলি পিঠা’ ইতোমধ্যে বেশ সাড়া ফেলেছে দর্শকদের মাঝে। সেই উৎসবের আমেজে এবার প্রকাশ্যে এলো আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম জুটির নতুন রোম্যান্টিক গান ‘দিলাম তোমায় কথা’।
বুধবার (২৭ মে) টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হয়েছে সিনেমাটির এই দ্বিতীয় গান। আসিফ ইকবালের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন অদিত রহমান। আর এতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা ও পারভেজ খান।
অ্যাকশন ও গ্যাংস্টার আবহের বাইরে গানটিতে শুভ ও মিমের ভরপুর রোম্যান্স ফুটে উঠেছে। মিউজিক ভিডিওর দৃশ্যগুলোতে এই জুটির একে অপরের চোখের ভাষায় যেন অন্যরকম এক মুগ্ধতা ছড়াতে দেখা গেছে। সিনেমার অ্যাকশন হিরোর এমন প্রেমিক অবতার এবং মিমের সঙ্গে তার নিখুঁত খুনসুটি ও আবেদনময়ী এক্সপ্রেশন গানটিতে এক ভিন্ন মাত্রা যোগ করেছে, যা দর্শক-শ্রোতাদের দারুণভাবে আকৃষ্ট করছে।
এর আগে গত সোমবার (২৫ মে) সিনেমাটির প্রথম আইটেম সং ‘গুলগুলি পিঠা’ প্রকাশ পেয়েছিল, যা মুহূর্তেই বেশ সাড়া ফেলে। ট্রেলারের পর আইটেম গান দিয়ে ঈদের বাজারে যে শক্ত অবস্থান তৈরির আভাস মিলেছিল, এবার ‘দিলাম তোমায় কথা’ গানটি দিয়ে সেই উন্মাদনা আরও এক ধাপ বাড়িয়ে দিল ‘মালিক’ সিনেমা।
উল্লেখ্য, ‘মালিক’ সিনেমায় মূলত এক জেদি মানুষের গল্প তুলে ধরা হয়েছে, যে অধিকার আদায়ের লড়াইয়ে নেমে ধীরে ধীরে অপরাধ জগতের একচ্ছত্র ক্ষমতাধর ব্যক্তি হয়ে ওঠে। আসন্ন ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম অভিনীত এই সিনেমাটি।