August 4, 2026, 6:10 am

পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেপ্তার

ফাওজুর রহমান সাবিত স্টাফ রিপোর্টার

 

ঝিনাইদহে ১৪ বছর বয়সী পিতৃহীন শিশু মিশকাতের ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) ও সদর থানা পুলিশ। এ সময় ছিনতাই হওয়া ইজিবাইক, একটি লুণ্ঠিত মোবাইল ফোন, আরও ৮টি মোবাইল ফোন এবং বাইক বিক্রির নগদ ৩ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৫ জুলাই) ঝিনাইদহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও ঝিনাইদহ সদর থানা পুলিশের যৌথ অভিযানে চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, কুমারখালী ও মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, কোটচাঁদপুর উপজেলার তালসার গ্রামের ১৪ বছরের শিশু মিশকাত পিতার মৃত্যুর পর পরিবারের জীবিকা নির্বাহের জন্য ইজিবাইক চালাত। গত ১৯ জুলাই বিকেলে কোটচাঁদপুর রেলগেট এলাকা থেকে চারজন যাত্রীবেশে তার ইজিবাইকে ওঠে। পরে ঝিনাইদহ সদর উপজেলার বংকিরা মাঠসংলগ্ন একটি নির্জন মেহগনি বাগানে নিয়ে তার হাত-পা ও মুখ বেঁধে ইজিবাইক ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগীর চাচা বাদী হয়ে ২১ জুলাই ঝিনাইদহ সদর থানায় দস্যুতা মামলা (মামলা নং-৩৭) দায়ের করেন। বিষয়টি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

ঘটনার গুরুত্ব বিবেচনায় পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, পিপিএম আসামিদের গ্রেপ্তার ও ঘটনার রহস্য উদ্ঘাটনের নির্দেশ দেন। তদন্তের একপর্যায়ে পুলিশ মূল চার অভিযুক্ত—মো. আকাশ সরদার ওরফে ডাকাত আকাশ, মো. জিয়ারুল ওরফে জিয়া (৪৪), মো. সিরাজুল ইসলাম (৪০) এবং মো. আখতার মোল্লা (৪০)-কে গ্রেপ্তার করে।

তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে লুণ্ঠিত মালামাল কেনাবেচার সঙ্গে জড়িত আরও ছয়জন—রাশিদুল ইসলাম ওরফে বল্টু (৫০), মো. লিটন আলী (৫০), মো. সজীব শেখ (২৪), মো. মাসুদ রানা (৩২), মো. ইসলাম খান ওরফে তাহের (৬৫) এবং মো. আশরাফুল ইসলাম (৪২)-কে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছেন, তারা দীর্ঘদিন ধরে ঝিনাইদহ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মাগুরা ও পাবনাসহ বিভিন্ন জেলায় সংঘবদ্ধভাবে ডাকাতি ও দস্যুতা করে আসছিল। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক চুরি, ডাকাতি ও দস্যুতার মামলা রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।



ফেসবুক কর্নার