August 4, 2026, 5:16 am

জলাবদ্ধ এলাকা পরিদর্শনে এমপি মুহাদ্দিস আব্দুল খালেক

ওমর ফারুক মুকুল স্টাফ রিপোর্টার সাতক্ষীরা

সাতক্ষীরার দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নে টানা ভারী বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতা পরিদর্শন করেছেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক। শনিবার (২৫ জুলাই) দুপুর সাড়ে ১২টায় তিনি কুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় সংলগ্ন সড়ক ও জনপথ বিভাগের কালভার্ট এলাকা সরেজমিনে পরিদর্শন করেন।
অবিরাম বৃষ্টিপাতে জেলার বিভিন্ন এলাকার মতো কুলিয়া ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের ঘরবাড়ি, ফসলি জমি, ব্যবসাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থাপনা পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা নিজ উদ্যোগে অস্থায়ীভাবে পানি নিষ্কাশনের ব্যবস্থা করেন।
পরিদর্শনকালে এমপি মুহাদ্দিস আব্দুল খালেক ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের মতামত শোনেন। তিনি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
এ সময় কুলিয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি হাফেজ মাওলানা সাদিকুল ইসলাম স্থায়ী সমাধানের দাবি জানিয়ে বলেন, কুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় সংলগ্ন কালভার্টের পূর্ব পাশ থেকে সরকারি জায়গার ওপর দিয়ে সরাসরি কুলিয়া ব্রিজের লাবণ্যবতী খালের সঙ্গে একটি প্রশস্ত ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ করা জরুরি।
জামায়াত মনোনীত সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মাওলানা রুহুল আমিন জানান, আগে লাবণ্যবতী খালের সঙ্গে সংযুক্ত ড্রেনেজ ব্যবস্থা থাকলেও অবৈধ দখলের কারণে তা সংকুচিত হয়ে প্রায় বন্ধ হয়ে গেছে। তিনি দখলমুক্ত করে ড্রেনটি পুনরায় প্রশস্ত ও সচল করার দাবি জানান।
পরিদর্শনকালে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। সংসদ সদস্য জনগণের দাবিগুলো বাস্তবায়নে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।



ফেসবুক কর্নার