July 25, 2026, 9:32 pm

কুষ্টিয়া কোর্ট স্টেশনে সুন্দরবন এক্সপ্রেসে ছুরিকাঘাত

আবরার নুর ফাহিম স্টাফ রিপোর্টার:

কুষ্টিয়ার কোর্ট রেলওয়ে স্টেশনে ঢাকা থেকে খুলনাগামী আন্তঃনগর সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে এক যাত্রী ও তার বাবাকে ছুরিকাঘাতের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ যাত্রী ও স্থানীয়রা প্রায় দুই ঘণ্টা ট্রেনটি আটকে রেখে বিক্ষোভ করেন। এতে শতাধিক যাত্রী চরম ভোগান্তিতে পড়েন।
শনিবার (২৫ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে ট্রেনে ওঠাকে কেন্দ্র করে এক যাত্রী ও রেলওয়ের দায়িত্বরত এক কর্মীর মধ্যে কথাকাটাকাটির ঘটনা ঘটে। একপর্যায়ে ওই রেলকর্মী ধারালো অস্ত্র দিয়ে শফিউল আওয়াল সুমন (৪০) ও তার বাবা আব্দুর রহিমকে (৬৫) আঘাত করেন বলে অভিযোগ ওঠে। পরে আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার পর ক্ষুব্ধ যাত্রী ও স্থানীয়রা সুন্দরবন এক্সপ্রেস অবরোধ করলে ট্রেনটি কুষ্টিয়া কোর্ট স্টেশনে প্রায় দুই ঘণ্টা আটকে থাকে। এতে খুলনা ও ঢাকাগামী যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন এবং অনেকেই নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে পারেননি।
খবর পেয়ে পুলিশ, রেলওয়ে কর্তৃপক্ষ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বিক্ষোভকারীরা অবরোধ প্রত্যাহার করেন। এরপর সুন্দরবন এক্সপ্রেস গন্তব্যের উদ্দেশে যাত্রা শুরু করে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পুলিশও জানিয়েছে, ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



ফেসবুক কর্নার