রাজবাড়ীতে তেলবাহী ট্রেনের ছয়টি বগি মূল ট্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে যাত্রীবাহী বাস, মোটরসাইকেল ও অটোরিকশায় ধাক্কা দিয়েছে। এতে একজন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
রোববার (২৬ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার খানখানাপুর রেলগেটে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দুমড়ে-মুচড়ে যায় বাস ও অটোরিকশা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, তেলবাহী ট্রেনটি আসার খবর পেয়ে খানখানাপুর রেলগেটের গেটম্যান রেলক্রসিংয়ের ব্যারিয়ার নামিয়ে সড়কে যান চলাচল বন্ধ করে দেন। তবে ট্রেনের পেছনের গার্ড ব্রেকসহ ছয়টি বগি মূল ট্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে কিছুটা দূরে ধীরগতিতে এগিয়ে আসছিল। বিষয়টি বুঝতে না পেরে গেটম্যান ব্যারিয়ার তুলে দিলে অপেক্ষমাণ যাত্রীবাহী বাস, মোটরসাইকেল ও অটোরিকশা রেলক্রসিং পার হতে শুরু করে। এসময় বিচ্ছিন্ন হয়ে আসা বগিগুলো ওই যানবাহনে ধাক্কা দেয়। দুর্ঘটনায় অন্তত ১৫ জন আহত হন। স্থানীয়রা ও উদ্ধারকারীরা আহতদের দ্রুত উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান।
রাজবাড়ী রেলস্টেশনের স্টেশন মাস্টার তন্বয় দত্ত জানান, ফরিদপুরের আমিরাবাদ বিদ্যুৎকেন্দ্রে তেল সরবরাহ শেষে ট্রেনটি খুলনার উদ্দেশে ফিরছিল। খানখানাপুর রেলক্রসিং এলাকায় গার্ড ব্রেকসহ ছয়টি বগি মূল ট্রেন থেকে বিচ্ছিন্ন (কাটিং) হয়ে যাওয়ার পর এ দুর্ঘটনা ঘটে। তবে কী কারণে বগিগুলো বিচ্ছিন্ন হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ এবং রাজবাড়ী রেলওয়ে থানার ওসি মো. মিজানুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানান, উদ্ধার অভিযান ও পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে