July 29, 2026, 9:41 pm

যৌথ অভিযানে ১৫ ফুট গাঁজা গাছসহ মাদক কারবারি আটক

হাসান মাহমুদ জয়

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে স্থানীয় যুবসমাজের সহযোগিতায় পুলিশ ও বিজিবির যৌথ অভিযানে প্রায় ১৫ ফুট উচ্চতার একটি পরিপক্ক গাঁজা গাছ ও মাদক সেবনের সরঞ্জামসহ মনজু আলম (৫৫) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত রাতে উপজেলার বলদিয়া ইউনিয়নের চর খলিশাকুড়ি গ্রামে এ অভিযান পরিচালিত হয়। আটক মনজু আলম ওই গ্রামের মৃত নজির উদ্দিনের ছেলে।
জানা যায়, সীমান্ত এলাকায় মাদকবিরোধী কার্যক্রম জোরদারে সম্প্রতি বলদিয়া ইউনিয়নের যুবসমাজ ‘জিরো টলারেন্স’ নীতি নিয়ে সক্রিয় ভূমিকা পালন করছে। তাদের এ উদ্যোগে স্থানীয় শিক্ষক ও সচেতন মহলও সহযোগিতা করছেন।
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও বিজিবি যৌথভাবে মনজু আলমের বাড়িতে অভিযান চালায়। অভিযানের সময় তিনি পালানোর চেষ্টা করলে স্থানীয় যুবকরা বাধা দেন। এ সময় তিনি কয়েকজন যুবককে কামড়ে আহত করেন। পরে যুবকদের সহযোগিতায় পুলিশ ও বিজিবি সদস্যরা তাকে আটক করেন। অভিযানে তার বাড়ি থেকে প্রায় ১৫ ফুট উচ্চতার একটি সতেজ গাঁজা গাছ এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
অভিযানকালে ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন মুন এবং সোনাহাট বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার ফরিদুল ইসলাম খান উপস্থিত ছিলেন।
সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন জানান, সীমান্ত এলাকায় মাদকের বিস্তার রোধে পুলিশ ও বিজিবির যৌথ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। তিনি মাদকবিরোধী অভিযানে স্থানীয় যুবসমাজের সচেতন ও সাহসী ভূমিকার প্রশংসা করেন। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।



ফেসবুক কর্নার