
চাঁদপুরের কচুয়া উপজেলার ১নং সাচার ইউনিয়নের শুয়ারুল এলাকায় সরকারি খাল-নদী থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি কাটার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, প্রভাবশালী একটি চক্রের নেতৃত্বে এ কার্যক্রম চলায় কৃষিজমি, সড়ক ও পরিবেশ হুমকির মুখে পড়েছে।
স্থানীয়দের অভিযোগ, শফিউল্লাহ ও আবু তাহেরের নেতৃত্বে দীর্ঘদিন ধরে সরকারি জলাশয় থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করা হচ্ছে। এতে আশপাশের কৃষিজমি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি পরিবেশের ভারসাম্যও বিঘ্নিত হচ্ছে।
এ বিষয়ে সাচার ইউনিয়ন ভূমি কর্মকর্তা জানান, অবৈধভাবে মাটি কাটার বিষয়টি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেখেন। অভিযোগ পেলে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
এদিকে, গত ২৬ জুলাই এ বিষয়ে সংবাদ প্রকাশের পর সাংবাদিক বিল্লাল মাসুমকে একাধিকবার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে তার নামে আপত্তিকর পোস্ট ও কুরুচিপূর্ণ মন্তব্য ছড়ানো হচ্ছে বলেও অভিযোগ রয়েছে। এ ঘটনায় শফিউল্লাহর ছেলে নেহালের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন সংশ্লিষ্টরা।
তবে অভিযোগের বিষয়ে শফিউল্লাহ, আবু তাহের বা নেহালের বক্তব্য পাওয়া যায়নি।
এলাকাবাসী দ্রুত উপজেলা ও জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে অবৈধ ড্রেজার কার্যক্রম বন্ধ এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তাদের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে পরিবেশ, কৃষিজমি ও স্থানীয় অবকাঠামোর আরও ক্ষতি হতে পারে।