আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৪ (বাগমারা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত দুই প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। অপরদিকে জাতীয় পার্টি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) রাজশাহী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এসব সিদ্ধান্ত ঘোষণা করা হয়।
জামায়াতে ইসলামী প্রার্থী..
বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. মো. আব্দুল বারীর মনোনয়নপত্র যাচাই- বাছাই শেষে বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা আফিয়া আখতার। হলফনামাসহ জমা দেওয়া সকল কাগজপত্র সঠিক থাকায় তাঁর মনোনয়ন বৈধ বলে বিবেচিত হয়।
ডা. আব্দুল বারী একজন সৎ, শিক্ষিত ও সমাজসেবায় নিবেদিত ব্যক্তি হিসেবে এলাকায় পরিচিত। দীর্ঘদিন ধরে মানবসেবা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার মাধ্যমে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করলেও তাঁর স্বচ্ছ ভাবমূর্তি ও জনকল্যাণমূলক চিন্তাভাবনা এলাকার উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা। মনোনয়ন বৈধ ঘোষণার খবরে জামায়াতে ইসলামী ও তাঁর সমর্থকদের মধ্যে আনন্দ ও উদ্দীপনা দেখা গেছে।
বিএনপি প্রার্থী..
রাজশাহী-৪ (বাগমারা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ডি. এম. জিয়াউর রহমান জিয়ার মনোনয়নপত্রও যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার দুপুর ১২টায় জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আফিয়া আখতার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন। মনোনয়ন বৈধ হওয়ার খবর এলাকায় পৌঁছালে বিএনপি নেতা- কর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের মধ্যে উচ্ছ্বাস ও আনন্দ প্রকাশ পায়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডি. এম. জিয়াউর রহমান জিয়া। তিনি বলেন,আমি আউচপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছি। প্রতিটি পাড়া-মহল্লা ও গ্রামে নেতা-কর্মীসহ সাধারণ মানুষের সঙ্গে আমার নিবিড় সম্পর্ক রয়েছে। কোন এলাকায় কী উন্নয়ন প্রয়োজ তা আমার জানা।
তিনি আরও বলেন, “আশা করি ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে দল-মত নির্বিশেষে জনগণ আমাকে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করবেন। নির্বাচিত হলে বাগমারাকে একটি মডেল বাগমারায় পরিণত করবো, ইনশাআল্লাহ।
জাতীয় পার্টির প্রার্থী..
জাতীয় পার্টি মনোনীত (লাঙ্গল প্রতীক) প্রার্থী ফজলুল হকের মনোনয়নপত্র যাচাই- বাছাই শেষে প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতি থাকায় বাতিল ঘোষণা করা হয়েছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী..
একইভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী তাজুল ইসলামের মনোনয়নপত্রও তথ্য-উপাত্ত ও কাগজপত্র সঠিক না থাকায় বাতিল করা হয়েছে।
তবে বাতিল হওয়া দুই প্রার্থীই আইন অনুযায়ী মহামান্য হাইকোর্টে আপিল করার সুযোগ পাবেন বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার ও রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার।