August 18, 2026, 7:56 am

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব মাহদি আটক

ফয়সাল আহমেদ নিজস্ব প্রতিবেদক

হবিগঞ্জে বিক্ষোভ মিছিলের আয়োজনের অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব মাহদি হাসানসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
সোমবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে শহরের কোর্ট মসজিদ এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, শহরে লোডশেডিং, গ্যাস সংকট, বিদ্যুতের দাম বৃদ্ধি এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ‘সর্বস্তরের ছাত্র-জনতা’র ব্যানারে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। তবে বিশৃঙ্খলার আশঙ্কায় প্রশাসনের পক্ষ থেকে কর্মসূচির অনুমতি দেওয়া হয়নি বলে জানিয়েছে পুলিশ।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জানান, প্রশাসনের অনুমতি ছাড়াই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। নিষেধাজ্ঞা অমান্য করে মাহদি হাসান ও তাঁর সহযোগীরা কোর্ট মসজিদের সামনে জড়ো হলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সেখান থেকে তিনজনকে আটক করা হয়।
পুলিশ আরও জানায়, এর আগে একই স্থান থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মির্জা সুমন ও রাকিব হাসানকেও আটক করা হয়েছিল।
এদিকে আটক মাহদি হাসানকে ঘিরে অতীতেও বিতর্ক তৈরি হয়েছিল বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে। চলতি বছরের ২ জানুয়ারি তিনি শায়েস্তাগঞ্জ থানায় গিয়ে তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তাকে হুমকিসূচক বক্তব্য দিয়েছিলেন বলে অভিযোগ ওঠে। ওই বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল।
তবে বর্তমান আটকের ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপ কী নেওয়া হবে, সে বিষয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানায়নি।



ফেসবুক কর্নার