
এক হাতে দীর্ঘতম নখ রেখে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন ভারতের মহারাষ্ট্রের পুনের বাসিন্দা শ্রীধর চিল্লাল। তাঁর বাঁ হাতের পাঁচটি নখের সম্মিলিত দৈর্ঘ্য ছিল ৯০৯ দশমিক ৬ সেন্টিমিটার বা প্রায় ২৯ ফুট ১০ ইঞ্চি, যা প্রায় তিনতলা ভবনের উচ্চতার সমান। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, তাঁর সবচেয়ে লম্বা নখ ছিল বুড়ো আঙুলের, যার দৈর্ঘ্য ১৯৭ দশমিক ৮ সেন্টিমিটার। মধ্যমার নখ ১৮৬ দশমিক ৬, অনামিকার ১৮১ দশমিক ৬, কনিষ্ঠার ১৭৯ দশমিক ১ এবং তর্জনীর নখ ছিল ১৬৪ দশমিক ৫ সেন্টিমিটার।
শ্রীধরের নখ বড় করার গল্প শুরু হয় ১৯৫২ সালে, যখন তাঁর বয়স ছিল ১৬ বছর। স্কুলে এক বন্ধুর অসাবধানতায় এক শিক্ষকের লম্বা নখ ভেঙে যায়। এতে ক্ষুব্ধ ওই শিক্ষক শিক্ষার্থীদের বোঝান, নখ বড় না করলে সেগুলো রক্ষায় কতটা যত্ন নিতে হয়, তা বোঝা সম্ভব নয়। শিক্ষকের সেই কথাকে চ্যালেঞ্জ হিসেবে নেন শ্রীধর। এরপর থেকে তিনি বাঁ হাতের নখ কাটা বন্ধ করে দেন। দীর্ঘ কয়েক দশক ধরে নখ বড় করতে করতে একসময় তিনি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নেন।
তবে দীর্ঘ নখ নিয়ে জীবনযাপন তাঁর জন্য সহজ ছিল না। দৈনন্দিন কাজের পাশাপাশি ঘুমানোর সময়ও নখ সুরক্ষিত রাখতে প্রায় আধা ঘণ্টা পরপর হাতের অবস্থান পরিবর্তন করতে হতো। পেশায় আলোকচিত্রী শ্রীধরের ক্যামেরা পরিচালনাতেও সমস্যা হতো। এ সমস্যা কাটাতে তিনি বিশেষ ধরনের হাতল তৈরি করেছিলেন। দীর্ঘ ৬৬ বছর পর ২০১৮ সালে তিনি নখগুলো কেটে ফেলেন। পরে সংরক্ষণের জন্য তাঁর কাটা নখ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের রিপলি’স বিলিভ ইট অর নট জাদুঘরে রাখা হয়। নখ কেটে ফেললেও এক হাতে সর্বকালের দীর্ঘতম নখের বিশ্বরেকর্ড এখনো শ্রীধর চিল্লালের নামেই রয়েছে।