March 7, 2026, 6:09 am

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী কৃষকের মৃত্যু

Reporter Name

এস এম তালহা জুবায়ের, ফকিরহাট:
ফকিরহাটে পান–সুপারি বিক্রি করে বাড়ি ফেরার পথে অজ্ঞাত পরিবহনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক কৃষক নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে খুলনা–ঢাকা মহাসড়কের সাধের বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি জমশেদ শেখ (৬২)। তিনি ফকিরহাট উপজেলার মূলঘর গ্রামের মৃত ফজলুল রহমানের ছেলে।
স্থানীয়রা জানান, জমশেদ শেখ সকালে পিলজংগের বালইদোকান বাজারে পান–সুপারি বিক্রি শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। সাধের বটতলা এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগামী অজ্ঞাত একটি পরিবহন তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
নিহতের ভাই ইমরান শেখ জানান, স্থানীয় লোকজন সড়কের পাশে তার ভাইয়ের মরদেহ পড়ে থাকতে দেখে পরে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান হাওলাদার বলেন, মহাসড়কে দুর্ঘটনায় একজন নিহত হওয়ার বিষয়ে তিনি অবগত নন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।



ফেসবুক কর্নার