
পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম বলেছেন, সুন্দরবন দেশের জাতীয় সম্পদ এবং এ বনাঞ্চলে কোনো ধরনের জলদস্যুতা বা সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাশত করা হবে না। সুন্দরবনকে দস্যুমুক্ত করতে খুব শিগগিরই সমন্বিত অভিযান শুরু করা হবে বলে তিনি জানান। শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে বাগেরহাট সদর উপজেলার খান জাহান আলীর মাজার জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বনজ সম্পদ, জেলে ও স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি সুন্দরবনকে দূষণমুক্ত ও পরিবেশ সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক চেয়ারম্যান গোলাম মো. বাতেন, পুলিশ সুপার মোহাম্মাদ হাছান চৌধুরী, জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালামসহ দলীয় ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।