July 3, 2026, 6:54 am

মাদকের বিরুদ্ধে প্রশাসনের অভিযান জোরদার, গ্রেপ্তার ৩

কে এম জাকিরুল ইসলাম

কুড়িগ্রামের রৌমারীতে মাদকবিরোধী অভিযান জোরদার করেছে থানা পুলিশ ও উপজেলা প্রশাসন। পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ তিনজনকে আটক করা হয়েছে। প্রশাসনের দাবি, মাদক নিয়ন্ত্রণে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার (১ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওছার আলীর নেতৃত্বে বাইটকামারী এলাকার একটি পুকুরপাড়ে অভিযান চালানো হয়। এ সময় ৪০ পিস ইয়াবাসহ ঝুনকির চর এলাকার আব্দুল হান্নান ও হাসমত আলীকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
একই দিনে উপজেলা প্রশাসনের উদ্যোগে টাপুরচর বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে গাঁজাসহ মনোয়ারা খাতুন নামে এক নারীকে আটক করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
উপজেলা প্রশাসন ও পুলিশ জানিয়েছে, সীমান্তবর্তী এলাকা হওয়ায় রৌমারীতে মাদক নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক ব্যবসায়ী ও কারবারিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।
স্থানীয় সমাজকর্মী মো. নাজমুল চৌধুরী (নয়া) বলেন, মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি পরিবার ও সমাজেরও সচেতন ভূমিকা প্রয়োজন। তিনি অভিভাবকদের সন্তানদের প্রতি নজরদারি বাড়ানো, মাদক কারবারিদের সামাজিকভাবে বর্জন এবং মাদক সংক্রান্ত তথ্য আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানান।
স্থানীয়দের প্রত্যাশা, প্রশাসনের ধারাবাহিক অভিযানের মাধ্যমে রৌমারীতে মাদক নিয়ন্ত্রণে ইতিবাচক পরিবর্তন আসবে।



ফেসবুক কর্নার